মায়েরা যেন সংশপ্তক

শিরোনাম : যে নারীর ভালোবাসা মানে না কোনো কারণ।
আমাদের প্রত্যেকের জীবনে একটি অতীব গুরুত্বপূর্ণ শব্দ ‘মা’।শব্দটির সাথে একটি নিঃশ্বার্থ ভালোবাসা মিলে মিশে একাকার হয়ে যায়। এই মিলনের সেতুবন্ধন যিনি তিনি ‘এক বোকা অবলা ‘।তিনি ‘বোকা অবলা’এই কারণে যে, তিনি সন্তানের জন্য ভালোবাসা ঢালতে, বন্ধুর পথ পাড়ি দিতে একটুও হিসেব-নিকাশ করেন না।একমুহূর্তের জন্যও তিনি নিজ স্বার্থের কথা চিন্তায় আনেন না।তাঁর অন্তরে যেন সন্তানের প্রতি ভালোবাসা এক আকাশ সমান ;সপ্ত সিন্ধুর গভীরতা যত বেশিই হোক না কেন ‘মা’ নামক প্রাণীটির ভালোবাসার কাছে সে গভীরতা পরাজিত। মায়েদের উপমা মায়েরা আসলে নিজেই।তাঁদের মমতার প্রখরতা কিছু সীমাবদ্ধ সংখ্যক শব্দের মাধ্যমে বর্ণনা করে শেষ হবে না কখনো।
আর ‘আমার মা’কে তো সুপারম্যান বলাই যায়।বাবা হারা শৈশব থেকে আমার সোনা মা আমাকে ভালোভাবে বড় করে তুলতে এই জগৎ সংসারে কত শত দুর্গম পথই যে পাড়ি দিয়েছেন এবং দিয়ে চলেছেন তা সৃষ্টিকর্তা ব্যতীত অন্য কেউ জানেনা।এতটুকুই বলতে পারি,হয়তো তিনি না থাকলে আমার দ্বারা শব্দ চয়ন করে তাকে নিয়ে যৎসামান্য কিছু লিখাও সম্ভব হতো না।জীবনের প্রতিটি ভুলকে তিনি শুধরে দিয়েছেন;যে ভুলগুলো আমার জীবনে নামিয়েছিল অমানিশা_সেই মুহূর্তগুলোতে সবাই আমাকে ছেড়ে গেলেও তিনি আমার একমাত্র সঙ্গী থেকে অতি বুদ্ধিমত্তার সাথে আমাকে শুধরিয়ে তুলেছেন _কোলের মধ্য থেকে কখনো দূরে ঠেলে দেননি।যেগুলো ছিল সত্যিই পৃথিবীর চমৎকার ঘটনাগুলোর সমতুল্য।
কিছু কথার গভীরতা প্রকাশ করলে না লেখকের অশ্রুতে লেখার কাগজ ভিজে যাবে।কিছু কথা অব্যক্ত থেকে কৌতূহল হয়েই থাকুক। জীবনের চরম সত্যিগুলোকে অতিক্রম করেছি যার সাথে তিনি আর কেউ নন,তিনি আমার কলিজার টুকরো জননী। ত দিন যাচ্ছে সমানুপাতিক হারে মাগো তোমার প্রতি ভালোবাসা বেড়েই চলেছে। এ বন্ধন সমানুপাতের সমীকরণে চলছে মা।শত সহস্র কোটি আবেগের ঘনাঘটা ঐ মানুষটিকে ঘিরে। আর তার ভালোবাসা তো ‘মারিয়ানা ট্রেঞ্চ’ এর চেয়েও গভীরতর।হয়তো প্রতিটি সন্তানের হৃদয়ে সর্বদাই ধ্বনিত হয় তোমাকে ভালোবাসি মা_মুখে থাকে না বলা;হয়তোবা না।আর মায়েরা তো সন্তানের জন্য কলিজা কেটে টুকরো টুকরো করে দিতেও দ্বিধা করে না।সালাম,ভালোবাসা, শ্রদ্ধা পৃথিবীর সব জন্মদাত্রীর প্রতি।পৃথিবীর সকল মা বেঁচে থাকুক শত কোটি বছর ধরে। সৃষ্টিকর্তা তাদেরকে রহমত দিয়ে ঢেকে রাখুক। আর সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলুক।কারণ আমরা জিতে গেলে জিতে যাবে মায়েরা ;তারা যে সংশপ্তক।
জারিয়াতুল হাফসা
