বেহাল সড়কে জনদুর্ভোগ
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ৫নং দামিহা ইউনিয়ন পরিষদের দামিহা বাজার ব্রীজ থেকে হাছলা ভায়া তাড়াইল সদর বাজার পুরাতন ডাক বাংলো পর্যন্ত রাস্তার বর্তমানে বেহাল দশা। অসংখ্য যানবাহন এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে। অথচ দীর্ঘদিন ধরে রাস্তাটি খানাখন্দে যানবাহন ও মানুষের চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। অনেক দিন ধরে রাস্তাটা সংস্কার না হওয়ায় জনদুর্ভোগে পরিণত হয়েছে। বর্ষাকালে বৃষ্টিপাতের ফলে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এই সড়ক টি সরু হওয়ায় অনেক সময় দুইটা যানবাহন একসাথে ক্রসিং করা কঠিন হয়ে পড়ে। যার ফলে অনেক সময় দূর্ঘটনা ঘটে থাকে। তাই সড়কটি প্রশস্ত করা জরুরি।
প্রতিদিন হাজারো সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, অসুস্থ রোগী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই রাস্তা দিয়ে শুধু হাছলা গ্ৰামের মানুষ চলাচল করে না, বরং হাছলা গ্ৰামের পাশাপাশি বেশ কয়েকটি গ্ৰামের মানুষও প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। গর্ভবতী নারী, বয়স্ক মানুষ ও অসুস্থ পথচারী দের জন্য এ সড়কে চলাচল করা অত্যন্ত কষ্টদায়ক হয়ে পড়ছে। বিশেষ করে বর্ষাকালে রাস্তার বেহাল দশা আরও প্রকট হয়ে ওঠে। বৃষ্টির পানি জমে গর্তগুলো আড়াল হয়ে যায়, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। অনেক সময় যানবাহন বিকল হয়ে পড়ে এবং কৃষকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় । কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করণে বিলম্ব ও ব্যয় বৃদ্ধি পায়। এই সড়কটি শুধু যাতায়াতের পথ নয় বরং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেরও প্রধান মাধ্যম। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ কৃষক ও ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও, সড়কটির টেকসই সংস্কারের উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। ফলাফল স্বরূপ, জনগণের দুর্ভোগ কমার পরিবর্তে প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছে । একটি উন্নত সড়ক শুধু মানুষের যাতায়াত সহজ করবে না, বরং এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সময়ের সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বহুগুণ কিন্তু সেই অনুযায়ী বাড়েনি জীবন যাত্রার মান। একটি দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। গ্রামাঞ্চলের উন্নয়ন ব্যতিরেকে একটি দেশের সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করাও মুশকিল। একটি দেশ তখনই উন্নতির শীখরে পৌঁছাতে পারে যখন প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামো উন্নত হয়। তাই অতি দ্রুত রাস্তাটি সংস্কার করার কাজ শুরু করা হোক। গ্ৰামবাসীর চলাচলের সুবিধার্থে রাস্তাটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের জন্য তাড়াইল উপজেলা প্রশাসন ও ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
বিঃদ্রঃ সময়ের আলো পত্রিকায় ১৭/০৯/২৬ ইং তারিখে প্রকাশিত হয়েছে।
মোঃ শরীফুল ইসলাম, শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।
