রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

মদিনা সনদ : ১৪০০ বছর পেরিয়েও কেন প্রাসঙ্গিক?

Author

মেরাজুল ইসলাম , Dhaka Central University

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ পাঠ: ৯ বার

মদিনা সনদ: ১৪০০ বছর পেরিয়েও কেন প্রাসঙ্গিক?
​বিশ্বের ইতিহাসে এমন কিছু দলিল রয়েছে, যেগুলোর গুরুত্ব শুধু একটি নির্দিষ্ট সময় বা ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সাধারণত সময়ের পরিবর্তনের সাথে সাথে সকল দলিলের কার্যকারিতা হারিয়ে যায়। কিন্তু এই দিক থেকে মদিনা সনদ ব্যতিক্রম। এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে ৬২২ খ্রিস্টাব্দে, প্রায় ১৪০০ বছর পূর্বে। অথচ এখনো এই চুক্তির গুরুত্ব নিহাতই কম নয়। এই চুক্তির মাধ্যমে একটি বহুত্ববাদী রাষ্ট্রের শান্তিপূর্ণ সহাবস্থানের ধারণা পাওয়া যায়।
​৬২২ খ্রিস্টাব্দে মদিনায় মুসলিম, আনসার, মুহাজির ছাড়াও ইহুদি, খ্রিস্টান ও পৌত্তলিক সম্প্রদায়ের লোকেরা বসবাস করত। যে দেশে বিভিন্ন ধর্মাবলম্বীর বাস, সে দেশের সকল ধর্মের প্রতি সহনশীলতা প্রয়োজন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি নীতি ছিল—”নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও।” মদিনার বিভিন্ন সম্প্রদায় ঐকমত্যের ভিত্তিতে এই দলিলে স্বাক্ষর করেছিল। মদিনা সনদের গুরুত্ব শুধু এর রাজনৈতিক কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে চুক্তি রক্ষা ও বিভিন্ন সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টি গভীরভাবে যুক্ত। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি কোনো মু’আহিদকে হত্যা করবে, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না” (সহীহ বুখারি, ৩১৬৫)। [এখানে ‘মু’আহিদ’ বলতে চুক্তির অধীনে নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিম ব্যক্তিদের বোঝানো হয়েছে।]
​অনেক ঐতিহাসিক ও লেখকের মতে, মদিনা সনদ বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধানগুলোর অন্যতম। কেউ কেউ আবার মদিনা সনদকেই বিশ্বের প্রথম লিখিত সংবিধান বলে অভিহিত করেছেন। ঐতিহাসিক পি. কে. হিটি (P. K. Hitti) বলেন, “It was the first written constitution of the world”—অর্থাৎ এটি পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। এই সনদে মোট ৪৭টি ধারা ছিল এবং এই ধারাগুলোর ওপর ভিত্তি করেই মদিনার রাষ্ট্র পরিচালিত হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ধারা নিচে আলোচনা করা হলো:
​১. ইসলামি কমনওয়েলথ: মদিনা সনদের স্বাক্ষরকারী প্রতিটি জাতি, ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ সকলে সমান অধিকার ভোগ করবে এবং মিলেমিশে একটি সাধারণ জাতি গঠন করবে। সনদের এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা, কারণ সেই সময় প্রতিটি জাতির মধ্যে সব সময় যুদ্ধ লেগেই থাকত। এমনকি একটি জাতির ভেতরেও বিভিন্ন গোত্রের মধ্যে নিয়মিত সংঘাত হতো। এমন পরিস্থিতিতে এই ধরনের একটি কমনওয়েলথ বা যৌথ রাষ্ট্র গঠন ছিল মহানবী (সা.)-এর একটি দূরদর্শী সিদ্ধান্ত।
​২. রাষ্ট্রপ্রধান: হযরত মুহাম্মদ (সা.) নবগঠিত প্রজাতন্ত্রের সভাপতি এবং পদাধিকারবলে প্রধান বিচারপতি ছিলেন। একটি নতুন ধর্মভিত্তিক রাষ্ট্র হওয়ায় আশেপাশের সবার নজর ছিল এর দিকে। বিশেষ করে মক্কার কুরাইশদের বাণিজ্য করতে মিশর বা সিরিয়ায় যেতে হলে মদিনার ওপর দিয়েই যাতায়াত করতে হতো। কুরাইশদের অত্যাচারের শিকার মুসলমানরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন, যা কুরাইশদের জন্য দুশ্চিন্তার কারণ ছিল।
​৩. ধর্মীয় স্বাধীনতা: মদিনা সনদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধারা হলো ধর্মীয় স্বাধীনতা। যেহেতু মদিনা সনদে মুসলমানসহ ইহুদি, খ্রিস্টান ও পৌত্তলিকরাও স্বাক্ষর করেছিল, তাই মুসলমানসহ প্রতিটি সম্প্রদায় বিনা দ্বিধায় নিজ নিজ ধর্ম পালন করবে এবং কেউ কারও ধর্মে হস্তক্ষেপ করবে না—এটিই ছিল এই রাষ্ট্রের সৌন্দর্য। আল-কুরআনেও রয়েছে, “ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই” (সুরা বাকারা, আয়াত ২৫৬)।
​৪. পারস্পরিক সমঝোতা ও যৌথ দায়িত্ব: স্বাক্ষরকারী কোনো সম্প্রদায় বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে, সমবেত প্রচেষ্টায় সবাই মিলে সেই আক্রমণ প্রতিহত করবে। বহিঃশত্রুর আক্রমণে স্বাক্ষরকারী সম্প্রদায়গুলো নিজ নিজ অংশের যুদ্ধভার গ্রহণ করবে। মদিনার ভেতরে যেসব দুর্বল ও অসহায় মানুষ রয়েছে, তাদের সর্বাত্মকভাবে সাহায্য ও রক্ষা করতে হবে। এতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হয়।
​৫. সন্ধির শর্ত: মদিনা সনদের একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল—কেউ কুরাইশদের সাথে কোনো প্রকার সন্ধি করতে পারবে না এবং মদিনাবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কুরাইশদের সাহায্য করতে পারবে না। লক্ষণীয় যে, সে সময় মদিনাবাসীদের প্রধান শত্রু ছিল কুরাইশরা, তাই কেউ যেন তাদের সাথে গোপন সম্পর্ক না রাখে, সেজন্যই এই শর্তটি রাখা হয়েছিল।
​৬. বিচার বিভাগ: মদিনা সনদের বিচার বিভাগ সম্পর্কিত বেশ কয়েকটি ধারা ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো—স্বাক্ষরকারী সম্প্রদায়ের কোনো ব্যক্তি অপরাধ করলে তা কেবল তার ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য হবে, এর জন্য পুরো সম্প্রদায় দায়ী থাকবে না। তৎকালীন সময়ে কোনো ব্যক্তি অপরাধ করলে তার দায় পুরো গোত্রের ওপর পড়ত, যার ফলে গোত্রে গোত্রে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হতো। এই বিধানের মাধ্যমে সেই প্রথার অবসান ঘটানো হয়। আরেকটি শর্ত ছিল, অপরাধীকে উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে। ন্যায়বিচার সম্পর্কে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, “কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদের ন্যায়বিচার থেকে বিরত না রাখে” (সুরা মায়েদা, আয়াত ৮)।
​৭. মদিনার পবিত্রতা: মদিনা সনদে মদিনা শহরকে একটি পবিত্র এলাকা হিসেবে ঘোষণা করা হয় এবং সেখানে রক্তপাত, হত্যা, বলৎকার ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। মদিনা শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।
​৮. হযরত মুহাম্মদ (সা.)-এর ক্ষমতা: হযরত মুহাম্মদ (সা.) মদিনার রাষ্ট্রপ্রধান ও প্রধান বিচারপতি ছিলেন। এ ছাড়া তাঁর কিছু বিশেষ ক্ষমতা ছিল; যেমন—তাঁর অনুমতি ব্যতীত মদিনাবাসী কারও বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারত না। স্বাক্ষরকারী সম্প্রদায়ের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে তিনি আল্লাহর বিধান অনুযায়ী তার মীমাংসা করে দিতেন।
​৯. শর্ত ভঙ্গ: মদিনা সনদের পরিশেষে বলা হয়েছিল, এই শর্ত ভঙ্গকারীর ওপর আল্লাহর অভিশাপ বর্ষিত হবে। এই বিধানের মূল উদ্দেশ্য ছিল চুক্তির পবিত্রতা রক্ষা করা এবং কেউ যেন সহজে তা লঙ্ঘন করার সাহস না পায়।
​মদিনার আওস ও খাজরাজ গোত্রের মধ্যে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ ছিল। কিন্তু এই সনদের প্রভাবে তাদের মধ্যকার দীর্ঘদিনের শত্রুতার অবসান ঘটে এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে। মদিনা সনদের ধারাগুলো এমনভাবে সাজানো হয়েছিল, যাতে সেখানে বসবাসকারী সকল সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকে। মক্কা থেকে হিজরত করে আসা মুহাজির এবং মদিনার আনসারদের বৃহত্তর রাজনৈতিক কাঠামোর অধীনে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে এই সনদের ভূমিকা ছিল অপরিসীম। সপ্তম শতকে আরবে ন্যায়বিচার বলতে কিছু ছিল না বললেই চলে; তারা “জোর যার মুলুক তার” নীতিতে চলত। কিন্তু মদিনা সনদ মদিনার সকল বাসিন্দাকে সমান অধিকার দিয়ে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল।
​মদিনা সনদ দীর্ঘমেয়াদী প্রভাব রেখেছিল, কারণ এটি ছিল একটি লিখিত সংবিধান এবং এতে মদিনায় বসবাসকারী সকল সম্প্রদায়ের প্রতিনিধি স্বাক্ষর করেছিল। তৎকালীন সময়ে আরববাসীর পরিচয় ছিল মূলত গোত্রভিত্তিক; কিন্তু মদিনা সনদ বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করে একটি বৃহত্তর রাজনৈতিক কাঠামোর আওতায় আনার পথ দেখিয়েছিল, যা তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে ছিল এক যুগান্তকারী পরিবর্তন।
​আজকের পৃথিবীতে বিভিন্ন দেশে আমরা ধর্মীয় ও জাতিগত বৈচিত্র্যের কারণে সংঘাত দেখতে পাই। অনেক রাষ্ট্রে সংখ্যালঘুদের অধিকার ও সহাবস্থান নিয়ে সংকট তৈরি হয়, যা প্রায়শই গৃহযুদ্ধে রূপ নেয়। অথচ ১৪০০ বছর আগেই মদিনা সনদ এর এক চমৎকার সমাধান উপহার দিয়েছিল। বিভিন্ন ধর্মের ও গোত্রের মানুষ কীভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে বসবাস করতে পারে, তার এক উৎকৃষ্ট ঐতিহাসিক দলিল হলো মদিনা সনদ। এই সনদে সব ধর্মের মানুষের সমঅধিকার নিশ্চিত করা হয়েছিল। এ কারণেই মদিনা সনদ শুধু ইসলামের প্রাথমিক ইতিহাসের একটি বিষয় নয়, বরং বহুত্ববাদী সমাজ ও শান্তিপূর্ণ সহাবস্থানের এক অনন্য ঐতিহাসিক দলিল হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। এটি কেবল সপ্তম শতকের মদিনার রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলার দলিলই ছিল না, বরং এর মধ্যে এমন কিছু শাশ্বত নীতি রয়েছে, যেগুলো আজও যেকোনো বহুজাতি ও বহুধর্মের সমাজ পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক ও আলোচনার যোগ্য।

মেরাজুল ইসলাম
শিক্ষার্থী, ইতিহাস বিভাগ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
মোবাইল :০১৩১২৭৬১৮২৪

লেখক: সম্পাদকীয় পর্ষদ সদস্য, ঢাকা কলেজ।
এই লেখাটি ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্যারিস মেইল পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।