শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

শৈশবের ঈদের মধুর স্মৃতি

Author

সাজিদুল হক সাদিক , khawja Yunus Ali University

প্রকাশ: ২২ মার্চ ২০২৬ পাঠ: ৩৩ বার

ঈদ মুসলিম জাতির জন্য পরম আনন্দের ও উৎসবমুখর একটি দিন। এই দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষ একত্রিত হয়। ছোটবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
ছোটবেলায় ঈদের আনন্দ শুরু হতো চাঁদ রাত থেকেই। সন্ধ্যায় ছাদে বসে থাকতাম চাঁদ দেখার জন্য। হঠাৎ কেউ বলে উঠত, চাঁদ দেখা গেছে!—তখন যে আনন্দ হতো, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। রাতেই নতুন জামা-কাপড় গুছিয়ে রাখতাম।
ঈদের দিন খুব ভোরে উঠে গোসল করে নতুন জামা পরার আনন্দ ছিল অন্যরকম। মিষ্টি মুখ করে বাবার সাথে ঈদগাহে যেতাম। নামাজ শেষে সবার সাথে কোলাকুলি করে বাসায় ফিরতাম। আম্মুর হাতের মজাদার পায়েস, খিচুড়ি, মাংসসহ নানা রকম খাবার ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিত।
ঈদের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল সালামি পাওয়া। ভাই-বোনেরা মিলে কার কাছ থেকে বেশি সালামি নেওয়া যায়, তা নিয়ে চলত ছোট্ট প্রতিযোগিতা। বিকেলে বন্ধুদের সাথে ঘুরতে বের হওয়া, হাসি-আড্ডায় কাটানো সময়গুলো এখন শুধু স্মৃতি।
এখন আর আগের মতো সেই আনন্দ অনুভব হয় না। বড় হয়ে গেছি, দায়িত্বও বেড়েছে। আসলে ঈদের প্রকৃত আনন্দ লুকিয়ে আছে ছোটবেলাতেই। তাই এখন ঈদের স্মৃতিগুলো মনে পড়লে বারবার ফিরে যেতে ইচ্ছে করে সেই সুন্দর দিনগুলোতে।

লেখক: সদস্য, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!