বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

যান্ত্রিক জীবনে মানসিক স্বাস্থ্য: অদৃশ্য ক্লান্তির গল্প

Author

জয় পাল অর্ঘ , গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ পাঠ: ৪৭ বার

যান্ত্রিক জীবনে মানসিক স্বাস্থ্য: অদৃশ্য ক্লান্তির গল্প

জীবন! বর্তমান সময়ে আমরা এমন এক জীবনের মধ্যে বাস করছি, যেখানে গতি আছে, বিভিন্ন সুবিধা আছে, প্রযুক্তি আছে, প্রযুক্তির ব্যবহার আছে —কিন্তু নেই সেই আগের মতো মানসিক প্রশান্তি। প্রতিদিনের জীবন যেন একটি নির্দিষ্ট শিকলে বাঁধা, অজানার দিকে অনিশ্চিত ছুটে চলা—সকাল থেকে রাত পর্যন্ত নিরবচ্ছিন্ন দৌড়। এই দৌড়ে হয়তো আমরা অনেক কিছু অর্জন করছি, কিন্তু ধীরে ধীরে হারিয়ে ফেলছি নিজের ভেতরের শান্তি, স্নিগ্ধ অনুভূতি, এমনকি নিজের সেই অনিন্দ্য সুন্দর সত্ত্বাকেও।

যান্ত্রিক জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—এখানে মানুষের চেয়ে কাজ বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা রুটিন, ক্যালেন্ডার, অ্যালার্ম, ডেডলাইন আর লক্ষ্য পূরণের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজের মনের খবর নেওয়ার সময়ই পাই না। “আমি কেমন আছি?” —এই প্রশ্নটি আমরা নিজের কাছেই করতে ভুলে যাই।দিনশেষে কোথায় যেনো দীর্ঘশ্বাস তাই না?

প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, এতে কোনো সন্দেহ নেই। স্মার্টফোন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম—সবকিছুই আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। কিন্তু এই সহজলভ্যতা আমাদের মানসিকভাবে অনেক বেশি নির্ভরশীল ও অস্থির করে তুলছে। আমরা যত বেশি অনলাইনে যুক্ত হচ্ছি, তত বেশি বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি। একরকম বলা সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের চালোনা করছে। অন্যের সাজানো-গোছানো জীবনের ছবি দেখে নিজের জীবনকে তুচ্ছ মনে করা, হীনমন্যতায় ভোগা—এটি এখন এক সাধারণ মানসিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

এই যান্ত্রিক জীবনে মানসিক চাপ যেন নিত্যসঙ্গী। পড়াশোনার চাপ, ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা, রিলেশনশিপে অনিশ্চয়তা, পারিবারিক প্রত্যাশা, আর্থিক দুশ্চিন্তা—সব মিলিয়ে একজন মানুষ প্রতিনিয়ত মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছে। কিন্তু সমস্যা হলো, এই ক্লান্তি চোখে দেখা যায় না, থেকে যায় সেই নির্দিষ্ট ব্যক্তির হৃদয়ে। ফলে আমরা নিজেরাও তা গুরুত্ব দিই না, আর অন্যরাও কোনোভাবে বুঝতে পারে না।

ধীরে ধীরে এই চাপ উদ্বেগ, হতাশা, একাকীত্ব, হীনমন্যতা, আত্মবিশ্বাসের অভাবের মতো সমস্যার জন্ম দেয়। অনেক সময় মানুষ নিজের অনুভূতিকে দমিয়ে রাখে—কারণ সমাজ এখনো মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। “মানসিক সমস্যা মানেই দুর্বলতা”—এই ভুল ধারণা এখনো অনেকের মধ্যে রয়ে গেছে। এই ভুলকে সহজ ভাবে নেওয়ার ফলে অনেক মানুষ তার স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত হচ্ছে।

বিশেষ করে তরুণ সমাজ আজ সবচেয়ে বেশি এই যান্ত্রিক জীবনের প্রভাবের শিকার। তারা একদিকে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়, অন্যদিকে সামাজিক তুলনার চাপে ভেঙে পড়ে। সাফল্যের সংজ্ঞা এখন এতটাই সীমাবদ্ধ হয়ে গেছে যে, মানুষ নিজেকে কেবল অর্জনের মাধ্যমে মূল্যায়ন করতে শুরু করেছে। ফলে ব্যর্থতা মানেই নিজের প্রতি অবিশ্বাস, হতাশা, এমনকি জীবনের প্রতি অনাগ্রহ।

এই বাস্তবতাকে আরও স্পষ্টভাবে বুঝতে একটি সাধারণ চিত্র কল্পনা করা যাক—

ধরুন, একটি ছেলে—সে বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে পড়ে। সকাল থেকে ক্লাস, তারপর ল্যাব, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন—সব মিলিয়ে তার দিনটা খুব ব্যস্ত। ক্লাস শেষে সে ভাবে একটু বিশ্রাম নেবে, কিন্তু তখনই মোবাইলে নোটিফিকেশন—গ্রুপ স্টাডি, মেসেঞ্জার, ফেসবুক, ইমেইল। রাত পর্যন্ত সে পড়াশোনা আর স্ক্রিনের মাঝে ঘুরতেই থাকে। কীভাবে যে তার রাতের একটা গুরুত্বপূর্ণ সময় মস্তিষ্ক কে বিশ্রাম না দিয়েই চলে যায়, সেও বুঝতে পারে না। বাইরে থেকে দেখলে মনে হয় সে খুব প্রোডাক্টিভ, কিন্তু ভেতরে ভেতরে সে ক্লান্ত, বিরক্ত, এমনকি একা অনুভব করে।

একদিন সে লক্ষ্য করল—আগের মতো আর কোনো কিছুতে ভালো লাগা নেই। বন্ধুদের সাথে আড্ডা দিতে ইচ্ছা করে না, পরিবারের সাথে কথা বলতেও যেন আলসেমি লাগে। ঘুম ঠিকমতো হচ্ছে না, মাথায় সব সময় চাপ। তখন সে বুঝতে পারল—সে শুধু শরীর দিয়ে নয়, মন দিয়েও ক্লান্ত হয়ে গেছে।

এই অবস্থায় সে ছোট ছোট পরিবর্তন আনার চেষ্টা করল। প্রতিদিন কিছু সময় ফোন বন্ধ রেখে নিজের সাথে সময় কাটাতে শুরু করল। সকালে একটু হাঁটা, মাঝে মাঝে প্রিয় গান শোনা, বন্ধুদের সাথে সরাসরি দেখা করা এবং কথা বলা—এসব ছোট কাজ তাকে ধীরে ধীরে স্বস্তি দিতে শুরু করল। সে বুঝতে পারল, শুধু কাজ করলেই জীবন পূর্ণ হয় না—মনের যত্নও সমান জরুরি। তখন থেকেই তার উপলব্ধি হলো মন হচ্ছে চৌম্বক এর মতো, মন ভালো এবং খারাপ উভয় জিনিসেই আকর্ষিত হতে পারে। এখন এই আকর্ষন ভালো না খারাপ দিকে হবে সেটা ঐ নির্দিষ্ট ব্যাক্তির উপর নির্ভর করে।

এই উদাহরণটি আমাদের দেখায়, যান্ত্রিক জীবনে আমরা প্রায়ই নিজেদের অনুভূতিগুলোকে উপেক্ষা করি। আমরা কাজের পিছনে ছুটতে গিয়ে ভুলে যাই—মানসিক স্বাস্থ্যের যত্ন না নিলে এক সময় সবকিছুই অর্থহীন মনে হতে পারে।

তবে এই পরিস্থিতি থেকে বের হওয়ার পথও আছে—আর সেই পথ শুরু হয় নিজের সচেতনতা থেকে। প্রথমত, আমাদের বুঝতে হবে যে মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখা—এটি কোনো বিলাসিতা নয়, বরং প্রয়োজন। বই পড়া, গান শোনা, হাঁটাহাঁটি করা, প্রিয় মানুষের সাথে সময় কাটানো—এসব ছোট ছোট কাজ আমাদের মনকে প্রশান্তি দিতে পারে।

দ্বিতীয়ত, নিজের অনুভূতিকে অস্বীকার না করে তা গ্রহণ করা দরকার। কষ্ট লাগলে কষ্ট পাওয়া স্বাভাবিক, দুঃখ লাগলে তা প্রকাশ করাও স্বাভাবিক। কারন সুখ-দুঃখ,আলো এবং অন্ধকার এর মতোই প্রকৃতিতে অবস্থান করে। নিজের আবেগকে চেপে রাখা সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। বরং কারো সাথে কথা বলা, নিজের মনের কথা ভাগ করে নেওয়া—এসব আমাদের মানসিক চাপ অনেকটাই কমিয়ে দিতে পারে।

তৃতীয়ত, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন হওয়া জরুরি। ভার্চুয়াল জীবনের সাথে বাস্তব জীবনের পার্থক্য বুঝতে হবে। সবাই তাদের জীবনের সেরা মুহূর্তগুলোই প্রকাশ করে—এটি মনে রাখলে তুলনার প্রবণতা অনেকটাই কমে যায়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—প্রয়োজনে পেশাদার সাহায্য নেওয়া। একজন কাউন্সেলর বা মনোরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলা কোনো লজ্জার বিষয় নয়। বরং এটি একটি সাহসী ও সচেতন সিদ্ধান্ত।

শেষ পর্যন্ত, আমাদের মনে রাখতে হবে—জীবন কোনো যন্ত্র নয়, এটি অনুভূতির সমষ্টি। আমরা মানুষ, তাই আমাদের ক্লান্তি আছে, আবেগ আছে, থেমে যাওয়ার প্রয়োজন আছে। মাঝে মাঝে দৌড় থামিয়ে নিজের দিকে তাকানো, নিজের সাথে কথা বলা—এগুলোই আমাদের মানসিকভাবে সুস্থ রাখে।

যান্ত্রিক জীবনের এই নিরন্তর গতির মাঝেও যদি আমরা নিজের মনকে গুরুত্ব দিতে শিখি, তাহলে হয়তো আমরা শুধু সফলই হবো না—সত্যিকার অর্থে সুখীও হতে পারবো এবং প্রকৃতি প্রদত্ত প্রকৃত সুখ এর অনুভূতি কেও গভীরভাবে উপলব্ধি করতে পারবো।

লেখক: জয় পাল অর্ঘ
শিক্ষার্থী, ফার্মেসি বিভাগ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং
যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখা।

লেখক: যুগ্ম সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৮ মার্চ ২০২৬ তারিখে বাংলা বাজার পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!