লেন্সে জীবনের গল্প : ইবি ফটোগ্রাফিক সোসাইটির “স্ট্রিট স্টোরিজ” ফটোওয়াকে একদিন

রাস্তার ধুলোবালি, মেহনতি মানুষের ঘাম, কিংবা জীর্ণ দেওয়ালে পড়ে থাকা রোদের ঝিলিক সবকিছুর মাঝেই লুকিয়ে থাকে একেকটি অদেখা গল্প। সেই সব গল্পকে ক্যামেরার ফ্রেমে বন্দি করতে, ইসলামিক ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (IUPS) আয়োজন করেছিল এক রোমাঞ্চকর ফটোওয়াক-“Street Stories”।
যাত্রার শুরু : ডায়না চত্বর থেকে ত্রিবেণী
সকাল ঠিক ৯.০০টায় বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র ডায়না চত্বর থেকে শুরু হয় এই সৃষ্টিশীল যাত্রা। একদল স্বপ্নবাজ আলোকচিত্রী কাঁধে ক্যামেরা নিয়ে মিলিত হই এই চত্বরে। সেখান থেকে ভ্যান আর অটো বাইকের চাকা ঘুরে গ্রামের মেঠো পথ ধরে আমরা ছুটে চলি ত্রিবেণীর উদ্দেশ্যে। ছোট ছোট বাহনে চড়ে মেতে ওঠা আড্ডা আর চারপাশের মনোমুগ্ধকর পরিবেশ যেন আগাম জানিয়ে দিচ্ছিল, অসাধারণ কিছু হতে যাচ্ছে।
৪ ঘণ্টার লেন্স-বন্দি অভিযান
ত্রিবেণী এলাকায় পৌঁছেই শুরু হয় আসল অন্বেষণ। চার ঘণ্টা ধরে চলে লেন্সের কারসাজি। ইভেন্টের মূল থিম ‘স্ট্রিট ফটোগ্রাফি’। রাস্তার সাধারণ দৃশ্যকে অসাধারণ করে তোলা, মানুষের জীবনের বৈচিত্র্যময় মুহূর্ত এবং সুনির্দিষ্ট বিষয়বস্তুর ওপর ভিত্তি করে ছবি তোলাই ছিল অংশগ্রহণকারীদের মূল লক্ষ্য। এখানে শুধু ছবি তোলা নয়, বরং প্রতিটি ছবির ভেতরে গল্প খুঁজে বের করাই ছিল মূল লক্ষ্য। কখনো পথশিশুর হাসি, কখনো শ্রমজীবী মানুষের ক্লান্ত মুখ, কখনো আবার গ্রামের খেতে-খামারে ব্যস্ততার মাঝেও লুকিয়ে থাকা নিঃসঙ্গতা, প্রতিটি মুহূর্ত যেন একেকটি জীবন্ত কাহিনি।
এই ফটোওয়াকের আরেকটি আকর্ষণ ছিল, এটি কেবল একঘেয়ে ছবি তোলা নয়, এটি একটি সৃজনশীল প্রতিযোগিতা। সুনির্দিষ্ট বিষয়বস্তু বা থিমের ওপর সর্বোচ্চ আর সেরা ক্লিক যে করতে পারবে, সে হবে সেরা ফটোগ্রাফার, তার জন্য অপেক্ষায় ছিল আকর্ষণীয় পুরস্কার।
ফিরে আসা পদব্রজে
কাজের ব্যস্ততা আর সৃজনশীলতা শেষে সবাই যখন ক্লান্ত কিন্তু তৃপ্ত, তখন শুরু হয় ক্যাম্পাসে ফেরার পালা। এবার আর যান্ত্রিক বাহনে নয়, বরং চারপাশের প্রকৃতি আর সদ্য তোলা ছবিগুলো নিয়ে গল্প করতে করতে পায়ে হেঁটে প্রিয় ক্যাম্পাসে ফেরার পালা। এই পদযাত্রা কেবল ফেরার পথ নয়, বরং হয়ে উঠে নিজেদের মধ্যে বন্ধুত্ব আর অভিজ্ঞতার আদান-প্রদানের এক দারুণ সুযোগ।
দিনশেষে ক্যামেরায় বন্দি হওয়া প্রতিটি ফ্রেম কেবল একেকটি ছবি নয়, বরং ত্রিবেণীর ধুলোমাখা পথের এক একটি জীবন্ত গল্প। লেন্সের ফোকাসে সাধারণ জীবনকে অসাধারণ করে তোলার এই সৃজনশীল সফর শেষ হয় একরাশ তৃপ্তি আর নতুন অভিজ্ঞতার ঝুলি নিয়ে। ফেরার পথে আলোকচিত্রীদের ক্লান্ত পায়ে মিশে ছিল আগামীর কোনো এক ফ্রেমে আবারও জীবনকে খুঁজে পাওয়ার দারুণ এক প্রত্যয়।
হাবিব আল মিসবাহ
শিক্ষার্থী : আল-কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগ।
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
অ্যাসিস্ট্যান্ট আইটি সেক্রেটারি
ইসলামিক ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি।
উপ-দপ্তর সম্পাদক, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
মোবাইল : ০১৬১১-৫৬৩৮১৯
মেইল : hmh42242@gmail.com

