রবিবার, ২ আগস্ট ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ইন্টারনেট প্যাকের মেয়াদ রহস্য

Author

মোঃ মাহমুদুর রেজা রোশান , পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ পাঠ: ২৯ বার

বর্তমান ডিজিটাল বিশ্বে ইন্টারনেট প্যাকের ‘মেয়াদ’ ফুরিয়ে যাওয়া নিয়ে গ্রাহকদের মধ্যে প্রায়ই অসন্তোষ দেখা যায়। বাহ্যিক দৃষ্টিতে টাকা দিয়ে কেনা ডেটা নির্দিষ্ট সময় পর কেটে নেওয়াকে গ্রাহকের ওপর অন্যায় চাপিয়ে দেওয়া মনে হতে পারে। অনেকেরই প্রশ্ন—যে ডেটার জন্য টাকা পরিশোধ করা হয়েছে, সেটি ব্যবহার না করলেও কেন নির্দিষ্ট সময় শেষে বাতিল হয়ে যাবে? এই প্রশ্ন থেকেই মূলত ‘ইন্টারনেট প্যাকের মেয়াদ রহস্য’ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। তবে টেলিকম খাতের প্রযুক্তিগত কাঠামো ও অর্থনীতির গভীরে নজর দিলে বোঝা যায়: এই মেয়াদ ব্যবস্থা মূলত একটি সুবিশাল এবং জটিল সার্ভিস নেটওয়ার্ককে সুশৃঙ্খল ও মানসম্মত রাখারই একটি অপরিহার্য রূপরেখা।

প্রথমেই বুঝতে হবে, ইন্টারনেট চাল বা ডালের মতো কোনো বস্তুগত পণ্য নয়। এটি আসলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উচ্চপ্রযুক্তির ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহারের ‘অ্যাক্সেস লাইসেন্স’ বা সাময়িক চুক্তি। গ্রাহক যখন কোনো ডেটা প্যাক কেনেন, তখন তিনি মূলত টেলিকম কোম্পানির অবকাঠামো, সার্ভার ও ব্যান্ডউইথ ব্যবহারের একটি সময়সীমাভিত্তিক অধিকার কেনেন। সেই চুক্তির মেয়াদ শেষ হওয়া মানে হলো সাময়িকভাবে সেই লাইসেন্স ব্যবহারের অধিকারের সমাপ্তি। উদাহরণ হিসেবে, একজন গ্রাহক যদি ৩০ জিবি ডেটার একটি ৩০ দিনের প্যাক কিনে মাত্র ১৫ জিবি ব্যবহার করেন, তাহলে অবশিষ্ট ১৫ জিবি ডেটা দৃশ্যত অপচয় মনে হতে পারে। কিন্তু বাস্তবে তিনি এমন একটি প্যাকেজ কিনেছিলেন, যার দুটি শর্ত ছিল—সর্বোচ্চ ৩০ জিবি ডেটা ব্যবহার করা যাবে এবং সেই ব্যবহার অবশ্যই ৩০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। অর্থাৎ, ৩০ জিবি ডেটা শেষ হলে অথবা ৩০ দিনের মেয়াদ পূর্ণ হলে, সেই মুহূর্ত থেকে গ্রাহক প্যাকটির আওতায় নেটওয়ার্ক ব্যবহারের অধিকার হারাবেন। এটিই ছিল প্যাকেজটির মূল চুক্তি বা শর্ত। এক অর্থে এটি নির্দিষ্ট সময় ও শর্তে নেটওয়ার্ক ব্যবহারের এক ধরনের সাময়িক ভাড়াচুক্তি। কোনো সংরক্ষণযোগ্য বস্তুগত পণ্য নয়।

প্রযুক্তিগত দিক থেকে যেকোনো টেলিকম নেটওয়ার্কের ধারণক্ষমতা ও ব্যান্ডউইথ সীমিত। যদি মেয়াদহীনভাবে কোটি কোটি গ্রাহকের কাছে অব্যবহৃত ডেটা জমতে থাকে, তবে যেকোনো সময়ে নেটওয়ার্কে অস্বাভাবিক ট্রাফিক বা চাপ তৈরি হতে পারে। এর ফলে সব গ্রাহকের সেবার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে এই বিশাল নেটওয়ার্ক পরিচালনায় স্পেকট্রাম ব্যবহারের খরচ, টাওয়ার নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ, ফাইবার নেটওয়ার্ক, সার্ভার এবং অন্যান্য প্রযুক্তিগত অবকাঠামোর জন্য নিয়মিত বিপুল ব্যয় বহন করতে হয়। মেয়াদের এই সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক থাকার কারণেই টেলিকম কোম্পানিগুলো ডেটা ট্রাফিক নিয়ন্ত্রণ করে সব ব্যবহারকারীকে সমান ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট গতি সরবরাহ করতে সক্ষম হয়।

তবে এই ব্যবসায়িক ব্যবস্থার মধ্যেও সেবাটিকে আরও গ্রাহকবান্ধব করতে কিছু যৌক্তিক পদক্ষেপ নেওয়া যেতে পারে। একেবারে অসীম বা মেয়াদনাহীন সুবিধা দেওয়া বাস্তবে সম্ভব না হলেও, সাধারণ মানুষের বাস্তবসম্মত ব্যবহার ও ক্রয়ক্ষমতার সঙ্গে সঙ্গতি রেখে প্যাকেজগুলোর সময়সীমা সর্বোচ্চ বাড়ানো উচিত। পাশাপাশি, সীমিত পরিমাণ অব্যবহৃত ডেটা পরবর্তী প্যাকে স্থানান্তরের (Data Rollover) সুযোগ, দীর্ঘমেয়াদি প্যাকেজের সংখ্যা বৃদ্ধি এবং বিভিন্ন জটিল লুকানো শর্ত বা ‘হিডেন চার্জ’ সম্পূর্ণ বাতিল করে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। এতে টেলিকম খাতের টেকসই ব্যবসার পাশাপাশি গ্রাহকের ন্যায্য অধিকারও আরও ভালোভাবে সংরক্ষিত হবে। প্রযুক্তিগত বাস্তবতা ও গ্রাহকস্বার্থ—দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করেই ভবিষ্যতের আরও আধুনিক ও বিশ্বাসযোগ্য টেলিকম সেবা গড়ে তোলা সম্ভব।

লেখাটি ২৫ জুলাই ২০২৬ তারিখে দৈনিক দিনকাল পত্রিকায় প্রকাশিত হয়।

লেখক: সাধারণ সদস্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!