শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

রবের প্রিয় হোন তাহাজ্জুদে

Author

আজহারুল ইসলাম পিয়াস , Islamic University, Kushtia

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ পাঠ: ২৪ বার

আমরা প্রত্যেকেই মহান আল্লাহ তায়ালার ভালোবাসা, পরম অনুগ্রহ প্রত্যাশা করি। চাই আমার প্রতিপালকের সঙ্গে আমার বিশেষ সখ্যতা তৈরি হোক। তাঁর দয়া ও রহমতে ভরে উঠুক আমাদের প্রতিটি ক্ষেত্র, তৈরি হোক বিশেষ এক বন্ধন। আর রবের ভালোবাসা ও নৈকট্য লাভের অন্যতম প্রধান নিদর্শন হলো কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ।

‎আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার প্রিয় হতে পেরেছি কি না, পার্থিব সবকিছু তাঁর সন্তুষ্টি অর্জনের চেষ্টার তুলনায় তুচ্ছ কি না—সেটারই প্রমাণ মেলে একাকী নিভৃতে তাঁরই সমীপে দাঁড়ানোর মাধ্যমে। সারাদিনের কর্মব্যস্ততার পর রাতে যখন সবাই পরম নিদ্রায় বিশ্রাম নেয়, তখন রবের প্রিয়ভাজন বান্দাই দাঁড়িয়ে যায় মহান মনিবের দরবারে। প্রাণ খুলে সিজদায় লুটিয়ে পড়ে তাঁরই নৈকট্য লাভের আশায়। হাদিসে নববীতে এসেছে, হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী করিম (সাঃ) বলেন, “প্রতি রাত্রে শেষ তৃতীয়াংশে আমাদের মর্যাদাবান বারাকাতপূর্ণ রব দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, ’যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। যে আমার নিকট কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব। যে আমার নিকট মাফ চাইবে আমি তাকে মাফ করে দেব।” (বুখারী ও মুসলিম)

‎এটা কীভাবে হতে পারে, যখন মহান রব পরম মমতায় আমাদের আহ্বান জানাচ্ছেন আমাদের কৃত গুনাহ ক্ষমা করার, অভাব দূর করার, চাহিদা পূরণ করার; অথচ আমরা সেদিকে কর্ণপাত না করে ঘুমে বিভোর হয়ে আছি! বুদ্ধিমানদের জন্য এটি সমীচীন নয় যে, তারা এই বিশেষ ঘোষণা অগ্রাহ্য করবেন। বরং তারা এই মহান সুযোগে লুফে নিতে চাইবেন মহান রবের সঙ্গে একান্তে দীর্ঘসময় অতিবাহিত করবার সুযোগ, দুয়া কবুলের সেই মাহেন্দ্রক্ষণ।

‎যুগে যুগে আমাদের সালাফগণও এই কিয়ামুল লাইলের সুযোগকে কাজে লাগিয়েছেন, হয়েছেন মহান রবের একান্ত প্রিয়।<span;> তাঁরা শুধু নিজেরাই কিয়ামুল লাইলের আমল করেছেন এমনটি নয়; বরং তাদের পুরো পরিবারের সাথে এই বিশেষ ইবাদত আদায় করতেন। আজকাল পরিবারে যে দ্বন্দ্ব–কলহ, তার অন্যতম কারণ একে অপরের প্রতি সহানুভূতি, বিশ্বাস আর সহনশীলতার ঘাটতি। পরিবারে একসঙ্গে কিয়ামুল লাইলের অভ্যাস হতে পারে নিত্যনৈমিত্তিক পারিবারিক জীবনকে সহজ ও সুন্দর করতে।

‎তাহাজ্জুদকে নবীজি (সাঃ)-এর ওপর ফরজ করার মাধ্যমে আল্লাহ তাআলা গোটা মুসলিম উম্মাহকে কিয়ামুল লাইলের শিক্ষা দিয়েছেন। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনুল কারিমে বলেন, ”আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়বে। এটা তোমার অতিরিক্ত দায়িত্ব। অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন।” (সুরা বনি ইসরাঈল, আয়াত: ৭৯)

‎কিয়ামুল লাইল আমাদের জীবনকে মহান রবের দয়া আর ভালোবাসায় সিক্ত করে। আমরা <span;><span;>যেন<span;> প্রতিটি রাত মহান আল্লাহর সাথে একান্তে কাটাতে পারি, অশ্রুসিক্ত প্রার্থনায় মন খুলে বলতে পারি মনের যত কথা, দুঃখ আর আকাঙ্ক্ষা। মহান রাব্বুল আলামিন তাহাজ্জুদ আদায়কে আমাদের জন্য সহজ ও প্রিয় করে দিন, আমিন।

লেখক: প্রচার সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দৈনিক খবরের কাগজ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।