আমি হতে চাই অদম্য
আমি হতে চাই অদম্য
আমি হতে চাই প্রান্তরের ঢেউ
যে ঢেউ থামে না কোনো বেড়াজালে,
যে ঢেউ মাটির বুকে লিখে দেয়
নিজের নাম, নিজের দাবি।
আমি হতে চাই তেপান্তর
শুধু শূন্যতা নয়,
আমি সেই বিস্তৃতি
যেখানে সীমারেখা হাঁপিয়ে মরে।
আমি হতে চাই আমাজনের প্রদীপ
একলা জ্বলা এক অদম্য লাভা,
যে আলো জানে,
অন্ধকার জন্মায় আলোকে থামাতে
আর আলো জন্মায় অন্ধকারকে হারাতে।
আমি হতে চাই সাত সমুদ্র
একটা নয়, হাজারটা ঢেউ,
একটা নয়, হাজারটা বিদ্রোহ,
যার গর্জনে ভেঙে পড়ে
সব কৃত্রিম তটরেখা।
আমি হতে চাই আগ্নেয়গিরির বুক
যেখানে আগুন ঘুমায় না,
আমি সেই লাভা
যে একদিন বেরিয়ে এসে
নতুন পৃথিবীর মানচিত্র আঁকে।
আমি হতে চাই আমি
ভাঙার ভয় নেই,
কারণ আমি জানি
আমি ভাঙলেই জন্ম নেয়
আরও বড় এক শক্তি।
- _মাহজাবীন তাসনীম রুহী
অনার্স ২য় বর্ষ
এম সি কলেজ সিলেট
লেখক: শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়।

