রবিবার, ২ আগস্ট ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ঢাবি এলাকায় ভবঘুরে নেশাখোরদের দৌরাত্ম্য

Author

মোঃ সিফাতুল্লাহ তাসনীম , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২ মার্চ ২০২৪ পাঠ: ১২৩ বার

প্রাচ্যের অক্সফোর্ড-খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন স্থানে মানসিক ভারসাম্যহীন ঘরছাড়া ভবঘুরেদের বিচরণ রয়েছে বহুদিন ধরে। এসব লোকের প্রতি মানবিকতা প্রদর্শন করে প্রশাসন বা শিক্ষার্থীরা সাধারণত তাদের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেয় না। কিন্তু সম্প্রতি কিছু ঘটনাকে কেন্দ্র করে এসব ভবঘুরে লোকের বিরুদ্ধে জোর আওয়াজ তুলছে শিক্ষার্থীরা। কিছুদিন আগে মানসিক ভারসাম্যহীন এক পাগল জনৈক শিক্ষার্থীকে ব্লেড ও সিরিঞ্জ নিয়ে ধাওয়া করে। ভিসি চত্বর এলাকায় ২৯ ফেব্রুয়ারি আরেক নারী শিক্ষার্থীকে বিরক্ত করে একদল বখাটে। বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সামনে গত দু’দিন আগে প্রায় উলঙ্গ অবস্থায় বসে থাকতে দেখা গেছে আরেক নেশাখোর পাগলকে। তাছাড়া, এসব লোকজন মাদক সেবন ও মাদক কারবারির সঙ্গে যুক্ত। এদের কাউকে কাউকে প্রকাশ্যেও গাঁজা ও ড্যান্ডি সেবন করতে দেখা যায় মাঝে মাঝে। সম্প্রতি ক্যাম্পাসের কলাভবন এলাকা থেকে একাধিক সাইকেল ও বিভিন্ন স্থান থেকে মোবাইল চুরির ঘটনা ঘটেছে। এসব চুরি-ছিনতাইয়েও ওই সব ভবঘুরে-নেশাখোর লোকজনের হাত রয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছে।

এই ব্যাপারগুলো সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ নষ্ট করছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে নারী শিক্ষার্থীরা এদের কারণে বিশেষ শঙ্কা প্রকাশ করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সব ভবঘুরে নেশাখোর লোকজনকে অন্যত্র স্থানান্তর ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আরও যেসব পদক্ষেপ নেয়া যেতে পারে সে ব্যাপারে উদ্যোগ গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু ও কার্যকর পদক্ষেপ কামনা করছি।

সিফাতুল্লাহ তাসনীম

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

লেখক: কার্যনির্বাহী সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২ মার্চ ২০২৪ তারিখে শেয়ার বিজ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!