ঢাবির জিয়া হলে মৌসুমি ‘ফল উৎসব’ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে অনুষ্ঠিত হয়ে গেল এক অনন্য মৌসুমি ফল উৎসব।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হলের মেস প্রাঙ্গণে এই আনন্দঘন উৎসবের আয়োজন করা হয়। হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে হাসি-আনন্দ আর আড্ডায় পুরো আয়োজন মুখরিত হয়ে ওঠে।
আয়োজক সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্র সংসদের নিজস্ব অর্থায়নে এই ব্যতিক্রমী ফল উৎসবের আয়োজন করা হয়। হল সংসদের ভিপি মাহবুব তালুকদার, জিএস আসিফ ইমাম, এজিএস ফোজায়েল আহমেদসহ ছাত্র সংসদের অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। হলের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও পড়ালেখার পাশাপাশি একটু ভিন্ন আমেজ এবং ভ্রাতৃত্বের অনুভূতি ছড়িয়ে দিতে হল সংসদের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয় বলে তারা জানিয়েছেন।
উৎসবের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে পরিবেশন করা হয় রকমারি দেশীয় মৌসুমি ফল। মেন্যুতে ছিল আম, লটকন, পেয়ারাসহ বিভিন্ন স্বাদের তরতাজা ফল। হলের সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দমুখর পরিবেশে এই আয়োজনে অংশ নেন এবং মৌসুমি ফলের স্বাদ উপভোগ করেন।
উৎসব শেষে শিক্ষার্থীরা জানান, ব্যস্ততম অ্যাকাডেমিক জীবনের মাঝে এমন মৌসুমী ফল উৎসবের আয়োজন সত্যিই প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, হল সংসদের হাত ধরে ভবিষ্যতে এই ধরণের নানাবিধ আয়োজন অব্যাহত থাকবে।
আয়োজনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে হলের সমাজসেবা সম্পাদক আব্দুল আহাদ লিখেন, সবাইকে ধন্যবাদ আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য। আপনাদের অংশগ্রহণ দেখার মতো ছিল। এরকম অংশগ্রহণ সামনে আমাদের আরো উজ্জীবিত করবে, আরো বড় কিছু করতে সাহায্য করবে।
