জনগণের নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপ জরুরি

জনগনের নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপ জরুরি
তানভীর আহমদ রাহী
সাম্প্রতিক কিছু ভয়াবহ অপরাধ দেশের সাধারণ মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। শিশুসহ কেউই আর নিরাপদ নয়। বাস, রাস্তা, এমনকি উপাসনালয়ের মতো পবিত্র স্থানেও নৃশংস হত্যাকাণ্ড ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি মানুষের মনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার অনুভূতি বাড়িয়ে তুলেছে। দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। অপরাধীরা দুঃসাহসী হয়ে উঠছে, আর বিচারহীনতার সংস্কৃতির কারণে অনেকেই ভয় পাচ্ছে না। যদি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে প্রশাসন ও সরকারের প্রতি জনগণের আস্থা নষ্ট হয়ে যাবে। এই সংকট থেকে বেরিয়ে আসতে হলে কঠোর আইন প্রয়োগের বিকল্প নেই। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। প্রশাসনকে আরও সক্রিয় ও শক্তিশালী ভূমিকা নিতে হবে, যাতে মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারে। বাংলাদেশের সাধারণ জনগণ শান্তিপূর্ণ ও নিরাপদ জীবন চায়। তারা চায় অপরাধমুক্ত সমাজ, যেখানে শিশু, নারী ও বৃদ্ধরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারবে। তাই সময় এসেছে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার, যাতে নিরাপত্তাহীনতার এই অস্বস্তিকর পরিস্থিতির অবসান ঘটে এবং বাংলাদেশ আবারও নিরাপদ হয়ে ওঠে।
তানভীর আহমদ রাহী
শিক্ষার্থী : অনার্স প্রথম বর্ষ,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, চট্টগ্রাম কলেজ

