মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

রমাদান মানে

Author

ইমরান নাজির , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পাঠ: ২৪৪ বার

মুমিনের কাঙ্ক্ষিত মাস এলো ঘুরে,
বিভাসিত ধরা আজ পুণ্যের নূরে।
কোরানকে সাথে নিয়ে এলো রমাদান,
আছে যেথা জীবনের সব সমাধান।

ব্যক্তি-পরিবার ও রাষ্ট্র ও সমাজ,
যাকাত-হজ-রোজা ও পাঁচ ওয়াক্ত নমাজ।
আছে সব এ কিতাবে, নেই কিছু বাদ,
তিলাওয়াতে আছে যার জান্নাতি স্বাদ।

রমাদান নয় শুধু উপবাস থাকা,
যা ইচ্ছে তাই করা পেট রেখে ফাঁকা।
রমাদান মানে হল বিভুভীতি অর্জন,
যাবতীয় অন্যায় তাঁর ভয়ে বর্জন।

রমাদান মানে হল কোরানকে জানা,
আপনাকে সঁপে দিয়ে বিভুবিধি মানা।
রমাদান মানে হল ভুখার দু’খ বোঝা,
নিঃস্বের পাশে থেকে পরিতোষ খোঁজা।

রমাদান মানে হল পাতকের ক্ষমা,
পরকাল তরে বেশ সুকৃতি জমা।
রমাদান মানে হল রহমের ছায়া,
কৃপানীরে ধুয়ে নেওয়া চিত্ত ও কায়া।

রমাদান মানে

  • ইমরান নাজির

শিক্ষার্থী: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সম্পাদকীয় পর্ষদ সদস্য: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা

 

লেখক: সম্পাদকীয় পর্ষদ সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দৈনিক রূপসী বাংলা পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!