একুশ অমর

একুশ অমর নয় তো কি !
এখনো এ জাতির রক্তে বিদ্রোহের বুদবুদ ।
দিতে পারে জবাব –
আছে যত অপবাদ ,
হয় নাকো কখনো পা পিছু ।
একুশ অমর নয় তো কি !
এখনো রাজপথ রঞ্জিত ক্যানভাস ।
যত লাগে লাল –
দিচ্ছে তারা অনর্গল ,
শিল্পীরা করে নাকো মাথা নিচু ।
একুশ অমর নয় তো কি ?
এখনো দেশের মাঝে লহুর সাগরে ঢেউ তোলে ।
এখনো বীরের মাতার-
অশ্রু গঙ্গা বহে ,
তবুও তারা নির্ভীক, সদা মাথা উঁচু ।
একুশ অমর নয় তো কি ?
এখনো অন্যায়ের প্রতিবাদে বজ্রকণ্ঠে স্লোগান তোলে।
রফিক , বরকতেরা –
অ-আ-ক-খ করে উঁচু ,
হয় নাকো কখনো হাত নিচু ।
একুশ অমর নয় তো কি !
এখনো মনোবল যেন পর্বত সমান ।
দেশের মান রক্ষা করতে –
হতে পারে অসুর ,
হয় নাকো কভু ভিরু ।
একুশ অমর নয় তো কি !
একুশ হয়ে উঠেছে চব্বিশ ।
বদলেছে নাম গুলো –
বদলেছে দিন ,
তবুও আবেগ রয়েছে অটুট ।
একুশ অমর নয় তো কি !
এরা বিপ্লবের মানসপুত্র চায় শান্তি আসুক।
বৈষম্যের শিকল ভেঙে –
ভ্রাতৃত্বের জোয়ার উঠুক,
তারা হলো সমাজ সংস্কারের অগ্রদূত ।

