ডিজিটাল অর্থনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ
https://epaper.protidinersangbad.com/?date=2026-06-10&page=4&news=04_101
ডিজিটাল অর্থনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ
আধুনিক বিশ্বের অর্থনীতি বর্তমানে এক অভূতপূর্ব রূপান্তরের মধ্য দিয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে। শিল্পবিপ্লব, বিদ্যুৎবিপ্লব কিংবা তথ্যপ্রযুক্তির বিপ্লবের পর এখন মানবসভ্যতা প্রবেশ করেছে ডিজিটাল অর্থনীতির যুগে। এই যুগে অর্থনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছে তথ্য, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা, ইন্টারনেট এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম। উৎপাদন, বিপণন, লেনদেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার বহু ক্ষেত্র এখন প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। ফলে একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা ক্রমশ নির্ভর করছে তার ডিজিটাল দক্ষতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ওপর। বাংলাদেশে এই বৈশ্বিক পরিবর্তনের ছোঁয়ায় উচ্ছ্বসিত । তরুণ জনসংখ্যা, ক্রমবর্ধমান ইন্টারনেট ব্যবহারকারী, মোবাইল আর্থিক সেবার বিস্তার এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধির কারণে বাংলাদেশ ডিজিটাল অর্থনীতির এক সম্ভাবনাময় গন্তব্য হিসেবে আবির্ভূত হয়েছে। এখন এই সম্ভাবনাকে কতটা কাজে লাগানো যাবে এবং ডিজিটাল অর্থনীতি বাংলাদেশের ভবিষ্যৎকে কোন পথে অগ্রসর করবে? গত এক দশকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একসময় যেখানে ইন্টারনেট ছিল সীমিত মানুষের নাগালে, সেখানে আজ দেশের অধিকাংশ মানুষ (শিশু হতে বৃদ্ধ) ইন্টারনেট ব্যবহার করছে। স্মার্টফোন, এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি শিক্ষা, ব্যবসা, ব্যাংকিং, বিনোদন ও কর্মসংস্থানের অন্যতম একটি মাধ্যম। মোবাইল আর্থিক সেবা যেমন বিকাশ, নগদ, রকেটসহ অন্যান্য ফিনটেক সেবা দেশের আর্থিক ব্যবস্থায় এক নীরব বিপ্লব ঘটিয়েছে। গ্রামের কৃষক থেকে শুরু করে শহরের ক্ষুদ্র ব্যবসায়ী—সবাই এখন ডিজিটাল আর্থিক ব্যবস্থার সুবিধা ভোগ করছেন। আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পরিবর্তন। আগে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা লাখো মানুষ এখন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেন, সঞ্চয় এবং বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ করতে পারছেন। ফলে অর্থনীতির মূলধারায় নতুন জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ঘটছে, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করছে। ডিজিটাল অর্থনীতির অন্যতম বড় শক্তি হলো কর্মসংস্থান সৃষ্টি। চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে চাকরির ধারণাও দ্রুত বদলাচ্ছে। কর্মস্থল আর কোনো নির্দিষ্ট অফিসকেন্দ্রিক নয়; বরং ইন্টারনেট সংযোগ থাকলেই বিশ্বের যেকোনো প্রান্ত থেকে কাজ করা সম্ভব। বাংলাদেশের হাজারো তরুণ-তরুণী আজ ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং রিমোট কাজের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, কনটেন্ট রাইটিং ও ডেটা অ্যানালিটিক্সের মতো খাতে তারা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছেন। এটি শুধু অর্থ উপার্জনের নতুন সুযোগই তৈরি করেনি, বরং বেকারত্ব হ্রাসের একটি বিকল্প পথও আবিষ্কার করেছে। এমনকি দেশের প্রত্যন্ত অঞ্চলের একজন দক্ষ তরুণও এখন বৈশ্বিক শ্রমবাজারে নিজের অবস্থান তৈরি করতে পারছেন। যুগের পালাবদল ভৌগোলিক সীমাবদ্ধতাকে ধীরে ধীরে হারিয়ে দিচ্ছে ; গুরুত্ব পাচ্ছে দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা। ডিজিটাল অর্থনীতির আরেকটি বড় অবদান হলো নতুন উদ্যোক্তা শ্রেণির উত্থান। আগে একটি ব্যবসা শুরু করতে বড় মূলধন, দোকান বা অবকাঠামোর প্রয়োজন হতো। এখন সামাজিক যোগাযোগমাধ্যম, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করা সম্ভব। ফেসবুকভিত্তিক ব্যবসা, অনলাইন স্টোর, হোমমেড পণ্য বিপণন কিংবা ডিজিটাল সেবা প্রদান—সব ক্ষেত্রেই তরুণ উদ্যোক্তারা নতুন সম্ভাবনা সৃষ্টি করছেন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ তারা এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও পৌঁছাতে পারছেন। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিক বৈচিত্র্য অর্জনের সুযোগ তৈরি হচ্ছে। ই-কমার্স খাতও এখন বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। অনলাইন শপিং, হোম ডেলিভারি এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার কারণে মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে। ক্রেতা ও বিক্রেতার মধ্যকার দূরত্ব কমেছে, সময় ও খরচ সাশ্রয় হচ্ছে। ক্যাশলেস লেনদেনের প্রসার অর্থনীতিকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার সুযোগ সৃষ্টি করছে। একই সঙ্গে কর ব্যবস্থার উন্নয়ন এবং অর্থনৈতিক কার্যক্রমের সঠিক তথ্য সংগ্রহও সহজ হচ্ছে। তবে ডিজিটাল অর্থনীতির উজ্জ্বল সম্ভাবনার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও রয়েছে। প্রথমত, ডিজিটাল বিভাজন এখনো বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। শহর ও গ্রামের মধ্যে ইন্টারনেট সুবিধা, প্রযুক্তিগত অবকাঠামো এবং ডিজিটাল দক্ষতার ক্ষেত্রে উল্লেখযোগ্য বৈষম্য রয়েছে। অনেক অঞ্চলে এখনো উচ্চগতির ইন্টারনেট সহজলভ্য নয়। ফলে প্রযুক্তিনির্ভর সুযোগগুলো সবার কাছে সমানভাবে পৌঁছাচ্ছে না। দ্বিতীয়ত, সাইবার নিরাপত্তা একটি ক্রমবর্ধমান উদ্বেগ। ডিজিটাল লেনদেন ও অনলাইন কার্যক্রম যত বাড়ছে, সাইবার অপরাধও তত বৃদ্ধি পাচ্ছে। হ্যাকিং, অনলাইন প্রতারণা, তথ্য চুরি, পরিচয় জালিয়াতি এবং আর্থিক জালিয়াতি এখন নিত্যদিনের সংকটে পরিণত হয়েছে। তাই প্রযুক্তির বিস্তারের পাশাপাশি শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য। তৃতীয়ত, দক্ষ মানবসম্পদের ঘাটতি বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রার অন্যতম প্রধান বাধা। প্রযুক্তি ব্যবহারকারী মানুষের সংখ্যা বাড়লেও উন্নত প্রযুক্তি উদ্ভাবন ও পরিচালনায় দক্ষ জনবলের অভাব রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, ব্লকচেইন, ক্লাউড কম্পিউটিং এবং উন্নত সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো খাতে এখনো পর্যাপ্ত দক্ষতা তৈরি হয়নি। ফলে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করা এবং প্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বাড়ানো জরুরি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অটোমেশন। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির বিস্তারের ফলে অনেক প্রচলিত চাকরি বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে পুনরাবৃত্তিমূলক ও কম দক্ষতানির্ভর কাজগুলো অটোমেশনের কারণে ঝুঁকির মুখে পড়তে পারে। তাই ভবিষ্যৎ শ্রমবাজারের জন্য কর্মীদের পুনঃপ্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন অত্যন্ত প্রয়োজন। সরকারি সেবার ডিজিটালাইজেশন, অনলাইন শিক্ষা, ই-গভর্ন্যান্স, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এবং প্রযুক্তি পার্ক স্থাপনের মাধ্যমে একটি শক্ত ভিত্তি তৈরি হয়েছে। এখন প্রয়োজন এই ভিত্তির ওপর আরও উদ্ভাবন, গবেষণা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সক্ষমতা গড়ে তোলা। বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তাকেন্দ্রিক অর্থনীতির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। যে দেশ ডেটা, প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে থাকবে, ভবিষ্যতের অর্থনৈতিক নেতৃত্বও তার হাতেই । বাংলাদেশ যদি এখন থেকেই গবেষণা, প্রযুক্তি শিক্ষা এবং উদ্ভাবনী উদ্যোগে গুরুত্ব দেয়, তবে আগামী দুই দশকে দেশের অর্থনৈতিক কাঠামো আমূল পরিবর্তিত হতে পারে। ডিজিটাল অর্থনীতি কেবল অর্থ উপার্জনের নতুন মাধ্যম নয়; এটি একটি নতুন সমাজব্যবস্থার ভিত্তি। এটি নাগরিক সেবা উন্নত করতে পারে, দুর্নীতি কমাতে পারে, স্বচ্ছতা বাড়াতে পারে এবং অর্থনৈতিক সুযোগকে আরও বিস্তৃত করতে পারে। তবে প্রযুক্তির সুফল তখনই সর্বজনীন হবে, যখন এর সুযোগ-সুবিধা সমাজের সব স্তরের মানুষের কাছে সহজে পৌঁছাবে।
লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
