কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ হওয়া উচিত
কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ হওয়া উচিত
বর্তমানে আমাদের দেশের বিভিন্ন শহর ও এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য একটি ভয়াবহ সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিছু কিশোর দলবদ্ধ হয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তারা মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক গ্রহণ ও বিক্রয়সহ বিভিন্ন অপরাধ করছে। এতে সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি হচ্ছে। কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার অন্যতম কারণ পারিবারিক অবহেলা, খারাপ কুসঙ্গের প্রভাব, মাদকের সহজলভ্যতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার। অনেক সময় পরিবারের সদস্যরা সন্তানদের চলাফেরা ও বন্ধুদের সম্পর্কে খোঁজ রাখেন না। ফলে তারা সহজেই বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। কিশোর গ্যাংয়ের কারণে শুধু সমাজের শান্তি নষ্ট হচ্ছে না, অনেক কিশোরও তাদের সুন্দর ভবিষ্যৎ হারাচ্ছে। তাই এ সমস্যা দ্রুত বন্ধ করা প্রয়োজন। অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে। কিশোরদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সৃজনশীল কাজে যুক্ত করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে অপরাধ দমন করতে হবে এবং অপরাধে জড়িত কিশোরদের সংশোধনের সুযোগ দিতে হবে। কিশোররাই দেশের আগামী সুন্দর ভবিষ্যৎ। তাই তাদের সঠিক পথে পরিচালিত করে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
