চিকিৎসা যেখানে সামর্থ্যের প্রশ্ন
চিকিৎসা যেখানে সামর্থ্যের প্রশ্ন
মানুষ অসুস্থ হওয়ার পূর্বে সাধারণত হিসাব করে না। তার ব্যাংকে কত টাকা আছে, সঞ্চয় কত, কিংবা চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য আছে কি না। অসুখ ধনী-গরিবের পার্থক্য করে আসে না। কিন্তু অসুস্থ হওয়ার পর চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে এই পার্থক্যটি নির্মম বাস্তবতায় সামনে চলে আসে। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার দিকে তাকালে তাই একটি মৌলিক প্রশ্ন সামনে আসে- চিকিৎসা কি মানুষের অধিকার, নাকি এটি এখনও মূলত সামর্থ্যে প্রশ্ন? বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৫ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৪১ দশমিক ৭ শতাংশ মানুষ স্বাস্থ্যসেবার জন্য নিজের পকেট থেকে ব্যয়ের কারণে আর্থিক দুর্ভোগের মুখোমুখি হয়েছে, যা সংখ্যায় প্রায় ৭ কোটি মানুষ। একই সময়ে বাংলাদেশের সর্বজনীন স্বাস্থ্যসেবা শতকরা মাত্র ৫৪। এই তথ্য আমাদের দেখায় স্বাস্থ্যসেবায় অগ্রগতি হলেও আর্থিক সুরক্ষা এখনও নিশ্চিত করা যায়নি। চিকিৎসা কোনো বিলাসিতা নয়, কোনো বিশেষ সুবিধাও নয়। এটি মানুষের প্রয়োজন, মর্যাদা ও অধিকারের অংশ। প্রশ্ন হলো- আমরা কি এমন একটি বাংলাদেশ গড়তে পারব, যেখানে অসুস্থ হওয়ার পর একজন মানুষ প্রথমে চিকিৎসার কথা ভাববে, খরচের কথা নয়?
