রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

আফসানা এখন হাসছে!

Author

মোঃ সিফাতুল্লাহ তাসনীম , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ পাঠ: ১৬ বার

শত-সহস্র বছর পর সেদিন আবারও আমাদের সম্মিলন হয়েছিল। রমনার লেকের পাড়ে।

দিনের প্রদীপ ম্রিয়মাণ হয়ে যখন রাতের আলোক (চাঁদ) আগমন করতে যাচ্ছিল ঠিক তখন অথবা তারও কিছু পরে…

আমি তাকিয়ে দেখলাম, আফসানার মুখ আজ কালো; সে হাসছে না। অজানা কোনো কারণে তার মুখে আজ মেঘের ঘনঘটা।

“কী হয়েছে?”

“কিছুই হয় নি।”

আমি তাকিয়ে দেখলাম, প্রকৃতিতে জোৎস্না; মেঘের লেশমাত্র নেই। তারা ঝলমল আকাশ রমনার লেকের পানিতেও আলোর বিচ্ছুরণ করছে। কিন্তু এ মানুষটির মুখ কালো হয়ে আছে কেনো?

এ যে বড্ড বেমানান!

আবার জিজ্ঞেস করলাম, ” কী হয়েছে? জোৎস্না খচিত আকাশের তলে তোমার মুখে মেঘ কেনো?”

আফসানা এবার বললো, “আপনি বুঝবেন না।”

চুপ করে থাকা ছাড়া গতি নেই। বেশি কিছু বলতে গেলে যদি বৃষ্টিই নেমে যায়, তখন সামাল দেয়া কষ্টকর হবে!

কিন্তু…

কিন্তু আমি মনে মনে ভাবছি, তার মন খারাপের কারণটা কী? এমন-তেমন কিছু তো হয় নি? মনে পড়ছে না তো!

দুঃসাহস করে আবার জিজ্ঞাসা করলাম, “আচ্ছা! সত্যি করে বলো তো কী হয়েছে?”

এবার ছোট্ট করে একটা উত্তর আসলো—

“ফোন।”

“হ্যাঁ, ফোন। তারপর?”

আবার উত্তর আসলো, “তারপর ফোন—ই।”

“আচ্ছা! ফোন। তারপর?”

এবার পুনরায় উত্তর আসলো, “আপনি বুঝবেন না!”

একটু অবাকই হলাম। ফোনে আবার কী হলো!

ফোনটা বের করে তার সাথে হওয়া লাস্ট চ্যাটবক্সে ঢুকলাম।

দেখলাম, তার দেওয়া শেষ রিপ্লাই ছিল ‘হুম’। কিন্তু আমি তাতে রিয়্যাক্ট করি নি; Seen করে চলে গেছি।

—আর তাতেই এই মুখ কালাকালি।

এটাই নাকি আমার অপরাধ! এটাই নাকি ‘অবজ্ঞা’!

এখানেই নাকি আমি ‘বড্ড ভুলটা’ করে ফেলেছি!

 

কাঁচ ভাঙার ইচ্ছে নেই, এমন জোৎস্না শোভিত রাতে বৃষ্টিটাও চাচ্ছি না। তাই চুপ রইলাম।

খানিক চুপ থেকে কাঁধের ব্যাগে বইয়ের চাপায় পিষ্ঠ হয়ে থাকা তার পছন্দের সাদা গোলাপটা বের করলাম, যেটি গার্ডের চোখ ফাঁকি দিয়ে জসীম হলের বাগান থেকে তুলেছিলাম।

 

সহসা খেয়াল করলাম, রমনার আকাশের চাঁদের আলো-কে ম্রিয়মাণ করে লেকের পাড়ে আরেকটা চাঁদ হাসলো। তারা-ঝলমল আকাশ আর লেকের নির্মল সৌন্দর্য সে হাসির কাছে যেন পরাস্ত হলো! মেঘ দূরে পালালো।

আমি চোখমুখ কচলিয়ে সচেতন দৃষ্টিতে পুনরায় তাকালাম। হ্যাঁ, আমি ঠিকই দেখেছি— আফসানা এখন হাসছে!

লেখক: কার্যনির্বাহী সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।