ওষুধ-সংকট

ওষুধ-সংকট
গ্রামাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার যে কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থা চালু করেছে, তার লক্ষ্য ছিল স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। কিন্তু কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোয় চলমান তীব্র ওষুধের সংকট সেই মহৎ উদ্দেশ্যকেই প্রশ্নের মুখে ফেলেছে।
উপজেলার ছয়টি ইউনিয়নের ১৮টি কমিউনিটি ক্লিনিকে বর্তমানে প্রয়োজনীয় ওষুধের চরম ঘাটতি দেখা দিয়েছে। এক বছর আগেও যেখানে সাধারণ রোগের চিকিৎসার জন্য ২৭ থেকে ৩০ ধরনের ওষুধ বিনা মূল্যে পাওয়া যেত, সেখানে এখন অধিকাংশ ক্লিনিকে মাত্র দুই-তিন ধরনের ওষুধ মজুত আছে।
কোথাও কোথাও ওষুধ বিতরণ পুরোপুরি বন্ধ থাকায় রোগীরা চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী গ্রামাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী। অনেক রোগী বাধ্য হয়ে ৪০০ থেকে ৫০০ টাকা ব্যয় করে বেসরকারি ফার্মেসি থেকে ওষুধ কিনছেন, যা একজন কৃষক বা দিনমজুরের জন্য গুরুতর আর্থিক চাপ। অন্যদিকে ওষুধের অভাবে কমিউনিটি ক্লিনিকের কর্মীরাও রোগীদের ক্ষোভ ও অভিযোগের মুখে পড়ছেন।
স্বাস্থ্যসেবা মানুষের একটি মৌলিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কমিউনিটি ক্লিনিকগুলোয় ওষুধ সরবরাহের ব্যবস্থা স্বাভাবিক করতে হবে।
শাফায়াত হুসাইন
শিক্ষার্থী, কুষ্টিয়া সরকারি কলেজ

